অবসরের পরেই পর্দাফাঁস, কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার
এস মন্ডল:কলকাতা: অবসর গ্রহণের কয়েক মাসের মধ্যেই পর্দাফাঁস। ব্যাঙ্কের কোটি টাকার আমানত তছরুপ এবং গ্রাহকের ফিক্সড ডিপোজিট আত্মসাতের গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত ম্যানেজার। ধৃতের নাম অভিজিৎ সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার কাকভোরে কলকাতার বেহালা সরশুনা এলাকায় তাঁর বাসভবনে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ।
পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে খবর, হাবরা শাখায় দীর্ঘদিন শীর্ষ পদে ছিলেন অভিজিৎ সরকার। মাস কয়েক আগেই তিনি অবসর নেন। গোলমালের সূত্রপাত হয় তাঁর উত্তরসূরি হিসেবে নতুন ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর।
অভ্যন্তরীণ অডিট ও ব্যাঙ্কের পুরনো ফাইল পরীক্ষার সময় হিসেবের খাতায় একের পর এক গরমিল চোখে পড়ে নতুন ম্যানেজারের। অভিযোগের তির যায় সরাসরি প্রাক্তন ম্যানেজারের দিকেই। তদন্তে জানা যায়, দাবিহীন পড়ে থাকা একটি মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিটের অর্থ অনৈতিক উপায়ে নিজের অ্যাকাউন্টে হস্তান্তর করে নিয়েছিলেন তিনি।
পরিস্থিতি বেগতিক দেখে ব্যাঙ্কের বর্তমান কর্তৃপক্ষ হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দায়ের হওয়া মামলার ভিত্তিতেই দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই দুর্নীতির জাল কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে অন্য কোনও কর্মী জড়িত রয়েছেন কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

