গান্ধীকে হত্যা করেছিল শুধু গডসে নয়, গডসের বিচারধারা! সেই বিচারধারা গত রাতে আবার গান্ধীকে হত্যা করেছে: হাসিবুল ইসলাম
বিশেষ প্রতিনিধি : গান্ধীকে হত্যা কোনো একক ব্যক্তির হাতে সংঘটিত একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এর পেছনে ছিল একটি ঘৃণা ও হিংসার বিচারধারা। সেই গডসে-প্রবণ বিচারধারার উত্তরাধিকার আজও দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত গান্ধীর ভারতকে ধ্বংস করার নানা ছক তৈরি হচ্ছে এবং তার বহিঃপ্রকাশ আমরা বারবার দেখতে পাচ্ছি।
গত রাতে উত্তর দমদমের বিরাটি বণিক মোড়ে বামেদের সভায় হামলা, মঞ্চ ভাঙচুর এবং দীপ্সিতা ধর-সহ একাধিক বামপন্থী নেতৃত্ব ও কর্মীর উপর আক্রমণের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অভিযোগ রয়েছে, বিজেপির পতাকা হাতে নিয়ে বিজেপি আরএসএস এর কর্মীরা মহাত্মা গান্ধীর ছবিতে লাথি মেরেছে এবং তাঁর ছবি ছিঁড়ে ফেলেছে। যারা এই তাণ্ডব চালিয়েছে, তারা আসলে সেই গডসে-চিন্তারই প্রতিনিধিত্ব করছে।
বাংলা তথা দেশের মানুষ যদি এই গডসে-চিন্তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ায়, তাহলে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ আরও গভীর সংকটের মুখে পড়বে। দেশের ধ্বংস অনিবার্য।
আইনের শাসন কার্যকর থাকলে আমরা প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা রাজ্যপালের কাছে দাবি জানাচ্ছি—রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি নজর দিন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করুন। প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করুন।
প্রকাশ্যে জাতির জনকের ছবিতে জুতো মারা, ছবি ছিঁড়ে ফেলা এবং মানুষের উপর হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনার বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংবিধানিক শক্তিগুলিকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।

