” সেবা সংকল্প অভিযান ” কর্মসূচি পালনে বিদ্যালয়ের পড়ুয়া ওঅভিভাবিকাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির
অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- সরকারি নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান,প্রশাসনিক দপ্তর,সামাজিক স্তরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলছে ” সেবা সংকল্প অভিযান ” । উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নাম্বার অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত শিক্ষকতার পাশাপাশি পরিবেশকে নির্মল রাখার বার্তা দিয়ে চলেছেন। তিনি দীর্ঘদিন ধরেই বিদ্যালয় ও সমাজের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের সমাজের প্রতি দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার কাজ করেই চলেছেন।
বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষার মতো বিষয়গুলি ও তিনি বিদ্যালয়ের পঠন -পাঠন কর্মকান্ডের সঙ্গে যুক্ত করেছেন। বিদ্যালয়ে তৈরি করেছেন বর্তমান অগ্নিমূল্য বাজারে অ্যালোপ্যাথি ঔষধের দাম ও তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিদ্যালয়ে তৈরি করেছেন ভেষজ উদ্যান। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গাছ বিতরণ করেন। বন্যপ্রাণ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ,বৃক্ষ রোপণ সহ নানান কাজে নিজেকে নিয়োজিত রাখেন। গাছকে বন্ধু হিসেবে ভাবাতে ছাত্র -ছাত্রীদের প্রত্যেককে একটি করে গাছ লাগানোর উদ্বুদ্ধ করেন।
সেই গাছকে সারাবছর পরিচর্যা করা এবং প্রতিবছর গাছের গায়ে রাখি বেঁধে বৃক্ষসখা জম্মদিন পালনের উদ্যোগ নেন।৫ ই সেপ্টেম্বর ২০২৬ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পেয়েছেন ” বিদ্যাসাগর শিক্ষা সম্মান ” ।ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মতো মহান সমাজ সংস্কারকের নামে এই সম্মান পেয়ে রাজদূত সামন্ত বিদ্যাসাগর মহাশয় কে উৎসর্গ করে শুরু করেছেন বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মকান্ড। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ ও মংরাজপুর এবং বাড়মংরাজপুর সন্নিহিত গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষার ও প্রয়োজনে ঔষধ পত্র দেওয়ার ব্যবস্থা করেন নিয়টিয়া ভাগীরথী চাইল্ড এবং মাদার হসপিটালের চিকিৎসক ও নার্সদের সহযোগীতায়।এই শিবিরে ২৯০ জন মানুষকে সম্পুর্ণ বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত নানান পরামর্শ ও বিনামূল্যেঔষধ সহ চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।রাজদূত সামন্ত বলেন – বিদ্যালয় সন্নিহিত দুই গ্রাম একেবারেই প্রান্তিক এলাকায় অবস্থিত ।
বিভিন্ন পরিষেবা সঠিক ভাবে পায়না।তাই সুবিধা বঞ্চিত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আমাদের এই প্রয়াস।এই মহতী কর্মকাণ্ডে রোটারি ক্লাব অফ ক্যালকাটা চৌরঙ্গী সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং নিওটিয়া ভাগীরথী মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতাল চিকিৎসা ও ঔষধ দিয়ে সহযোগিতা করেন।রাজদূত সামন্ত আরও বলেন তিনি তাঁর স্বর্গীয় পিতা প্রহ্লাদ সামন্তর স্মরণে ” প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন” সংস্থার মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কাছে আজীবন সঠিক পরিষেবা প্রদান করে যাবেন।

