দেশ 

এনকাউন্টারে খতম ঝাড়খণ্ডের মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু

শেয়ার করুন

উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিংহের। রবিবার সকালে বারাণসীর কাছে পুলিশের সন্ত্রাসদমন শাখার (এসিএস) সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন ব্রিজেশ। এটিএস সূত্রে খবর, ঝাড়খণ্ডের নিষিদ্ধ সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি)-র প্রধান ছিলেন ব্রিজেশ। টিপিসি হল মাওবাদী শাখা সংগঠন।

এটিএস জানিয়েছে, ঝাড়খণ্ডের চাতরা জেলার লওয়াংলং থানার লুটুর বাসিন্দা ব্রিজেশ। ঝাড়খণ্ড সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ২৫ লক্ষ টাকা। অন্য দিকে, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-ও ব্রিজেশের খোঁজ চালাচ্ছিল। মাওবাদী এই নেতার মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করে এনআইএ।

পুলিশ জানিয়েছে, বারাণসীর কাছে রবিবার সকালে রামনগরের লঙ্কা ময়দান এলাকায় ব্রিজেশের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলে। এক সঙ্গীকে নিয়ে মুঘলসরাইয়ের দিকে যাচ্ছিলেন তিনি। পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করতেই ব্রিজেশ গুলি চালাতে শুরু করেন বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হন ব্রিজেশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এটিএস সূত্রে খবর, ডেপুটি পুলিশ সুপার বিপিন রাই এবং হেড কনস্টেবল নিতেন্দ্র কৃষ্ণের গায়েও গুলি লাগে। কিন্তু তাঁরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় বেঁচে যান।

এটিএস সূত্রে খবর, ঝাড়খণ্ডে পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন ব্রিজেশ। তাঁর খোঁজে তল্লাশিও চলছিল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মাওবাদী শীর্ষ নেতা আকাশ ওরফে অসীম মণ্ডল ধরা পড়েন পুলিশের জালে। শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশে এসটিএফ। ৬৪ বছরের আকাশের জন্য ঝাড়খণ্ডে ১ কোটি এবং ওড়িশায় ১ কোটি ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ