প্রচ্ছদ 

সাভারকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রয়োজনীয় আইনি অনুমোদন না-মেলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর বিরুদ্ধে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলা ও নিম্ন আদালতের সমন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীলা নাগুর বেঞ্চ এই রায় দিয়েছে।

রায় ঘোষণার সময় বিচারপতির বেঞ্চ বলেছে, ‘‘অতিরিক্ত সলিসিটর জেনারেল কেএম নটরাজ এবং অভিযোগকারীর আইনজীবী উত্তরপ্রদেশ সরকারের পেশ করা হলফনামায় জানিয়েছেন যে, এই ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি অনুমতির কোনও উল্লেখ নেই। এই তথ্যের ভিত্তিতে আদালত সংশ্লিষ্ট মানহানির অভিযোগ এবং বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের জারি করা সমন বাতিল ঘোষণা করছে। এই মামলার যাবতীয় প্রক্রিয়া এখানেই সমাপ্ত হল।’’

বিতর্কের সূত্রপাত ২০২২ সালে। ভারত জোড়ো যাত্রার ফাঁকে কংগ্রেস নেতা রাহুল সাংবাদিক বৈঠকে নিশানা করেছিলেন সাভারকরকে। তিনি বলেন, ‘‘সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন। উনি ইংরেজদের চিঠি লিখে বলেছিলেন, স্যার, আমি আপনাদের চাকর হয়ে থাকতে চাই। যখন উনি চিঠিতে সই করছেন, তখন এর পিছনে কী কারণ ছিল? ভয়। উনি ব্রিটিশদের ভয় পেয়েছিলেন।’’ এর পরে রাহুলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছিলেন উত্তরপ্রদেশের আইনজীবী নৃপেন্দ্র পান্ডে। গত বছর এই মামলার শুনানিপর্বে বিচারপতি দত্তের বেঞ্চ বলেছিল, ‘‘সাভারকরকে নিয়ে রাহুলের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।’’ সেই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতাকে সতর্ক করে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানায়, মহারাষ্ট্রে তাঁকে (সাভারকর) ‘পুজো’ করা হয়। যদি রাহুল নিজের দাবিতে অটল থাকেন, তবে তাঁকে তার পরিণতি ভুগতে হবে। রাহুলের আইনজীবীর উদ্দেশে শীর্ষ আদালত বলেছিল, ‘‘আপনার মক্কেল কি জানেন, (মহাত্মা) গাঁধী ভাইসরয়কে সম্মোধন করার সময় ‘আপনার বিশ্বস্ত দাস’ ব্যবহার করতেন?’’ বিচারপতি দত্ত বলেছিলেন, ‘‘আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে কোনও মন্তব্য সহ্য করব না। এর পর হয়তো কেউ বলবেন মহাত্মা গাঁধী ‘ব্রিটিশদের দাস’ ছিলেন!’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ