Ram Mandir: রাম মন্দিরের দানের টাকা গয়না চুরির অভিযোগ তদন্তে সিট!
অযোধ্যার রামমন্দিরে দানের টাকা, গয়না চুরির অভিযোগকে ঘিরে উত্তর প্রদেশ তথা দেশের মানুষের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বিরোধী নেতা লোকসভার সদস্য সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এ নিয়ে সবচেয়ে বেশি সড়ক হয়েছেন।।
কী ভাবে দানের টাকা, গয়না উধাও হয়ে গেল তা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মন্দির কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই এই ঘটনায় তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এই দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানায় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তাদের সেই আবেদনে সাড়া দিয়ে শনিবার সিট গঠনের নির্দেশ দিয়েছেন যোগী। ওই দলের নেতৃত্বে থাকবেন লখনউয়ের বিভাগীয় কমিশনার বিজয় বিশ্বাস পন্থ। এ ছাড়াও লখনউ রেঞ্জের আইজি কিরণ এস, অর্থ দফতরের বিশেষ সচির নীলরতন কুমার। সাত দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে তদন্তকারী দলকে।
দানের টাকা, অলঙ্কার চুরির বিষয়টি প্রকাশ্যে আসে সপ্তাহখানেক আগে। চুরির অভিযোগ উঠতেই মন্দির কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেন। সূত্রের খবর, মন্দির ট্রাস্টের আধিকারিকেরা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় থানার সহযোগিতায় চুরি হওয়া টাকা এবং গয়না উদ্ধারের চেষ্টা করেন মন্দির কর্তৃপক্ষ। কিন্তু চুরির অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই মন্দির কর্তৃপক্ষকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। বিষয়টি নিয়ে যখন হুলস্থুল পড়ে যায়, রাজ্য সরকার এই ঘটনায় হস্তক্ষেপ করে। দ্রুত তদন্তের নির্দেশ দেয়। সূত্রের খবর, খুব শীঘ্রই তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করবে। কী ভাবে দানের সামগ্রী দেখাশোনা করা হত, কাদের এই কাজে নিয়োগ করা হয়েছিল, সব কিছু খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

