কলকাতা 

পুরনিয়োগে মদন ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন অভিযোগ খতিয়ে দেখছে ইডি

শেয়ার করুন

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে শনিবার সকাল থেকে কলকাতা ও শহরতলির মোট সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি এবং দফতরে তল্লাশি চলছে। কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর, মদনের বিরুদ্ধে একাধিক পুরসভায় বেআইনি ভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবর্তে তিনি ঘুষও নিয়েছেন বলেও অভিযোগ। সেই তদন্তের সূত্রেই শনিবারের তল্লাশি অভিযান।

ইডি সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতিতে মদনের ভূমিকা খতিয়ে দেখাই শনিবারের অভিযানের মূল উদ্দেশ্য। কামারহাটি-সহ একাধিক পুরসভায় বিভিন্ন পদে বেআইনি ভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন মদন। অভিযোগ, তার জন্য ঘুষ নিয়েছিলেন কখনও নগদ টাকায়, কখনও আবার সোনাদানার মাধ্যমে। তবে মদন সরাসরি এই ঘুষ নেননি বলেই মনে করছেন তদন্তকারীরা। ঘুষ তাঁর কাছে পৌঁছে যেত ‘মিডলম্যান’দের মাধ্যমে। তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইডি জানতে পেরেছে, পুরসভায় ১২৫টিরও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদনের যোগ রয়েছে।

ভবানীপুরে মদনের বাড়ি এবং দফতরে শনিবার তল্লাশি চালানো হয়েছে। এ ছাড়া, কামারহাটি, দক্ষিণেশ্বর, বেলেঘাটা, জোকা এবং বেহালাতেও ইডি গিয়েছে। শুধু কামারহাটি পুরসভা নয়, অন্য পুরসভাগুলিতেও মদনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ২০১১ সালে তিনি প্রথম বার কামারহাটির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তার পর ২০২১ এবং ২০২৬ সালে ওই কেন্দ্রেই জিতেছেন। ফলে কামারহাটিতে দীর্ঘ দিন ধরেই তাঁর প্রভাব রয়েছে। সেই প্রভাব বেআইনি নিয়োগে তিনি খাটিয়েছিলেন কি না, দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ