রাজ্যের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করল ওমেন ইন্ডিয়া মুভমেন্ট
বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করল ওমেন ইন্ডিয়া মুভমেন্ট (WIM)। নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
রাণীনগরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় কমিটির সদস্যা রুনা লায়লা। তিনি নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন যে, নারী দিবস শুধু উদযাপনের দিন নয়, বরং নারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রামকে আরও শক্তিশালী করার দিন।নারীদের শিক্ষা, আত্মনির্ভরতা এবং সামাজিক-রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

অন্যদিকে মুর্শিদাবাদের লালগোলা ব্লকে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওমেন ইন্ডিয়া মুভমেন্টের রাজ্য সভাপতি আলিয়া পারভিন।তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজে নারী নির্যাতন, বৈষম্য ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে সচেতনতা ও সংগঠিত আন্দোলন গড়ে তুলতে হবে।
রাজ্য সাধারণ সম্পাদিকা তুহিনা পারভিন বলেন – নারী ও শিশুদের উপর সকল প্রকার সহিংসতা, বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে।

