কলকাতা 

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। অতীন বাড়িতেই আছেন বলে খবর। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআইয়ের তিনটি গাড়ি শুক্রবার দুপুর ২টোর পর অতীনের উত্তর কলকাতার বাড়িতে পৌঁছেছে। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

আরজি করে ধর্ষণ-খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির বিষয়টি। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয়ছয় করা হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মামলাটির তদন্তও করছে সিবিআই। এই মামলায় গ্রেফতার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এখনও তিনি জেলে। প্রথম থেকে আরজি করের দুর্নীতি প্রসঙ্গে একাধিক বার অতীনের নাম এসেছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা।

সূত্রের খবর, শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হবে বলে আগেই অতীনকে জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে। সেই অনুযায়ী দুপুরে কেন্দ্রীয় আধিকারিকেরা তাঁর শ্যামবাজারের বাড়িতে যান। রয়েছেন আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসার-সহ সিবিআইয়ের উচ্চপদস্থ একাধিক আধিকারিক। কিছু দিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। সেখানে যে আধিকারিক ছিলেন, অতীনের বাড়িতেও তিনি আছেন।

সন্দীপ-সহ পাঁচ জনের বিরুদ্ধে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জগঠন করেছে সিবিআই। আলিপুর আদালতে এই মামলা বিচারাধীন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ