দেশ 

বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি! মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি না-হওয়ায় মঙ্গলবার মহারাষ্ট্রের ঠাণের একটি হাসপাতালে ভর্তি করানো হয় শিন্ডেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা শিন্ডেকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত সপ্তাহ থেকেই জ্বর এবং গলায় সংক্রমণ ভোগাচ্ছিল শিন্ডেকে।

শিবসেনা সূত্রে খবর, শিন্ডের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয়। রুটিন চেকআপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের বাইরে শিন্ডে বলেন, “আমার শরীর ঠিক আছে।”

Advertisement

গত শুক্রবার সকালে দিল্লি থেকে ফিরেই সাতারা জেলায় নিজের গ্রামের বাড়িতে চলে যান মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে। রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় যে, বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মহারাষ্ট্রে সম্ভাব্য মন্ত্রিসভার গঠন নিয়ে সন্তুষ্ট হতে পারেননি শিন্ডে। প্রকাশ্যে শিন্ডে অবশ্য বার বার দাবি করে গিয়েছেন, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিন্ডের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায়, গ্রামের বাড়িতেই জ্বরে আক্রান্ত হন শিন্ডে। সেখান থেকে তিনি আসেন নিজের রাজনৈতিক কর্মভূমি ঠাণেতে।

গত শনিবার খানিক একতরফা ভাবেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনক্ষণ জানিয়ে দেয় বিজেপি। জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজ়াদ ময়দানে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য সাজ সাজ রব আজ়াদ ময়দানে। সেখানে ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। কিন্তু শপথের মঞ্চ বাঁধা হলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী ক‌ে হতে চলেছেন, ফলপ্রকাশের ১০ দিন পরেও তা স্পষ্ট নয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ