কলকাতা 

ফের গণপিটুনি ! এবার দুষ্কৃতীদের শিকার মা ও ছেলে !

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পুত্রকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে গণপিটুনির শিকার হলেন মা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা আড়িয়াদহে। আহত দু’জন বর্তমানে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার ঘটনাটি ঘটলেও ঘটনাস্থলে থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজ মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার উপরে মা এবং পুত্রের উপর ঝাঁপিয়ে পড়ছেন কয়েক জন। চলছে বেধড়ক মারধর।  এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার কলেজপড়ুয়া যুবক সায়নদীপ পাঁজার উপরে কুখ্যাত দুষ্কৃতী জয়ন্ত সিংহ এবং তাঁর দলবল ঝাঁপিয়ে পড়ে। বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসেন আক্রান্ত কলেজপড়ুয়ার মা। পুত্রকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মা-ও। মেরে আক্রান্ত মহিলার দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বেলঘরিয়া থানায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ এ ক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।

Advertisement

আক্রান্তদের পরিবারের তরফে জানা গিয়েছে, ছোটদের মধ্যে ঝামেলা, পরে বড় আকার নেয়। সায়নদীপের সঙ্গে তাঁর বন্ধুদের বচসার রেশ গড়ায় বহু দূর। জয়ন্তের নেতৃত্বে দুষ্কৃতীরা চড়াও হয় সায়নদ্বীপ নামের ওই যুবকের উপরে।

গত কয়েক দিন ধরেই রাজ্যের নানা প্রান্তে গণপিটুনির ঘটনা প্রকাশ্যে এসেছে। কলকাতার বৌবাজারে উদয়ন হস্টেলে মোবাইল ফোন চুরির অভিযোগে বছর সাঁইত্রিশের ইরশাদ আলমকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। সল্টলেকের পোলেনাইট এলাকায় মোবাইল চোর সন্দেহেই প্রসেন মণ্ডল নামের এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ