কলকাতা পুলিশের ম্যারাথনে দুর্ঘটনা! আহত অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলী ধর শর্মা
বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুলিশের উদ্যোগে রেড রোডে রবিবার পুলিশের ম্যারাথন চলাকালীন সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল। ম্যারাথনের শেষ পয়েন্টে রাখা একটি তোরণ ভেঙে আহত কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলী ধর শর্মা। সকাল থেকে রেড রোডে পুলিশের হাফ-ম্যারাথন শুরু হয়েছে। ম্যারাথনের সমাপ্তি পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। সূত্রের খবর, সকালে দমকা হাওয়ায় ওই তোরণ আচমকা ভেঙে নিচে পড়ে যায়। তাতে আহত হন অতিরিক্ত পুলিশ কমিশনার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন মুরলীধর। তাঁর ঘাড়ে এসে পড়ে ভাঙা তোরণটি। এতে তাঁর মাথা এবং পিঠে চোট লেগেছে বলে খবর। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মৌলালির ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত পুলিশ কমিশনারের চোট তেমন গুরুতর নয়। তবে যে হেতু তাঁর মাথায় আঘাত লেগেছে, তাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথনে শামিল হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সৌরভ গঙ্গোপাধ্যায়ও ম্যারাথনে দৌড়েছেন। ছিলেন আবীর চট্টোপাধ্যায়, দেব-সহ টলিউডের একাধিক তারকা।

