কলকাতা 

লোকপালের নির্দেশে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দুদিন আগে নেতাজির ইনডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওরা চেয়েছিল মহুয়াকে যেন আমরা দল থেকে তাড়িয়ে দিই। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে সাফাই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এথিক্স কমিটি তার সুপারিশে কৃষ্ণনগরের তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছে।

এরই মাঝে এলো আরো বড় খবর। শনিবার বিকেল থেকেই সমস্ত জাতীয় সংবাদ চ্যানেলগুলিতে খবর আসতে শুরু করে অর্থ এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে মহুয়া-মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করেছে। এই খবর সংবাদ সংস্থা এ এন আই দিয়েছে। ওই সংবাদ সংস্থা জানিয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে লোকপাল এই তদন্তের নির্দেশ দিয়েছে।

Advertisement

উল্লেখ্য, মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনিই তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লেখেন। লোকপালকেও চিঠি লেখেন তিনিই। তাঁর অভিযোগের ভিত্তিতেই লোকসভার এথিক্স কমিটি মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছে। এমনকী, প্রয়োজনে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের পরামর্শও দেয় ওই কমিটি।

লোকপালের সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই বলে সংবাদ সংস্থা এ এনআই জানিয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার বিষয় সিবিআই মহুয়া মৈত্রের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয়?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ