ভাঙড়ের আইএসএফ প্রার্থীদের মনোনয়ন দাখিলে সাহায্য করবে দুই থানা, নির্দেশ হাইকোর্টের
বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এবং ভাঙড় এর মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন পীরজাদা নওশাদ সিদ্দিকী। কিন্তু মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করেনি উল্টোদিকে আজ কলকাতা হাইকোর্ট ভাঙড় দিয়ে বিশেষ রায় প্রদান করেছে। অশান্তির কারণে যে তিনজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।এ জন্য ভাঙড়ের দু’টি থানাকে পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন তিনি।
বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ওই প্রার্থীদের নির্বিঘ্নে মনোনয়নের ব্যবস্থা করতে হবে কাশীপুর এবং ভাঙড় থানার পুলিশকে। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের অন্য প্রার্থীদের ক্ষেত্রেও একই অভিযোগ এলে পদক্ষেপ করবে রাজ্য নির্বাচন কমিশন। এ ছাড়া আদালত নির্দেশ দিয়েছে, কমিশনের ওই নির্দেশ কার্যকর করতে বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং কমিশনারদের বলবেন রাজ্য পুলিশের ডিজি।

