তারাতলায় স্কুল বাসে আগুন, চাঞ্চল্য
বাংলার জনরব ডেস্ক : সোমবার দুপুর সওয়া ১টা নাগাদ মাঝেরহাট উড়ালপুলের উপর তারাতলায় স্কুল বাসে আগুন ধরে যায়।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন চালক এবং তাঁর সঙ্গী। বাসে তখন কোনও স্কুলপড়ুয়া ছিল না। মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই আগুন।
বাসটি জোকা দিল্লি পাবলিক স্কুলের। মাঝেরহাট উড়ালপুল ধরে তারাতলার দিকে যাচ্ছিল। উড়ালপুলের উপরেই দাউদাউ করে আগুন ধরে যায় বাসটিতে। বেগতিক দেখে বাস দাঁড় করিয়ে দেন চালক। কোনও মতে তিনি এবং কন্ডাক্টর বাস থেকে নেমে পড়েন।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন গরম হয়ে যায়।

