ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং-এর উদ্যোগে বিবেক সংহতি দিবস উদযাপন
ত্রিপর্ণা চট্টোপাধ্যায়-এর প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের এন এস এস সেল এবং রাজ্য বি. এড বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিশ্ব বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এক অনাড়ম্বর পরিবেশে বিবেক সংহতি দিবস পালিত হল। পশ্চিমবঙ্গের প্রায় বারোটি বিশ্ববিদ্যালয়ের এবং তার অধীনে চলা কলেজ গুলির চারশোর বেশি এন এস এস স্বেচ্ছাসেবক বি এড বিশ্ব বিদ্যালয় এর দুটি হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে তোলে।
অনুষ্ঠানে গুরুদেব রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ স্মরণের সঙ্গে আমন্ত্রিত বক্তারা এন এস এস এর গুরুত্ব বুঝিয়ে বলেন। প্রসঙ্গত বি এড বিশ্ববিদ্যালয় এর মাননীয়া উপাচার্য ড. সোমা বন্দ্যোপাধ্যায় বলেন আজকের সমাজে যুব শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে গুরুদেব রবীন্দ্রনাথ ও যুগনায়ক বিবেকানন্দ-এর আদর্শই আমাদের অনুসরণ করতে হবে। সম্পূর্ণ ভাবগম্ভীর এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এর মাননীয় অধ্যাপকবৃন্দ ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সর্বলোকানন্দজী মহারাজ।

