ককরোচ নেতা সৌরভ দাসের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস! রহস্য?
ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে এ বার জারি হল লুকআউট নোটিস। বৃহস্পতিবার দিল্লি হাই কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের দাবি, সৌরভের পাসপোর্টের ‘অসঙ্গতি’ তাঁর নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে।
গত সোমবার রাতে দিল্লি থেকে লন্ডনগামী বিমানে উঠতে বাধা দেওয়া হয় সৌরভকে। ককরোচ নেতার দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। সেই উদ্দেশ্যেই যাচ্ছিলেন তিনি। সোমবার রাত ১টায় লন্ডনগামী বিমানে ওঠার কথা ছিল। কিন্তু তার আগে দিল্লি বিমানবন্দরেই আটকে দেওয়া হয়।
এ বিষয়ে বুধবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন সৌরভ। সিজেপি মুখপাত্রের অভিযোগ, প্রশাসন তাঁর বিদেশযাত্রায় বাধা দিচ্ছে। বৃহস্পতিবার মামলাটি বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে শুনানির জন্য উঠলে কেন্দ্র জানায়, সৌরভের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি হয়েছে।
কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেলের সওয়াল, গত রবিবার রাতে মহারাষ্ট্র পুলিশ একটি লুকআউট সার্কুলার জারি করে সৌরভের বিরুদ্ধে। তাই সৌরভকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর বিরুদ্ধে আবেদন জানাতে হবে বলে সওয়াল কেন্দ্রের আইনজীবীর। ‘লাইভ ল’ অনুযায়ী, সৌরভের আইনজীবী ওই লুকআউট নোটিসের একটি প্রতিলিপি চান কেন্দ্রের কাছে। তবে অতিরিক্ত সলিসিটর জেনারল তাঁকে জানান, লুকআউট নোটিসের কোনও প্রতিলিপি দেওয়া যাবে না।
সৌরভকে বিমানবন্দরে আটকানোর পরের দিন, মঙ্গলবার, সরকারি সূত্রে খবর ছড়ায়— ককরোচ নেতার পাসপোর্টে কিছু ‘অসঙ্গতি’ রয়েছে। সোমবার রাতে সমাজমাধ্যমেও সৌরভ জানিয়েছেন, বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপয়েন্টে পৌঁছোনোর পর তিনি জানতে পারেন যে, তাঁর পাসপোর্টটি ‘ফ্ল্যাগ’ (সন্দেহজনক তালিকাভুক্ত) করা হয়েছে। পরে সূত্র মারফত জানা যায়, তাঁর পাসপোর্টে জন্মস্থান সংক্রান্ত তথ্যে ‘অসঙ্গতি’ রয়েছে।
‘লাইভ ল’ অনুযায়ী, এ বিষয়ে চেন্নাইয়ের পাসপোর্ট অফিস থেকে সৌরভ একটি শো কজ় নোটিসও পাঠানো হয়েছিল। কিন্তু অভিযোগ, তার জবাব দেননি তিনি। বৃহস্পতিবার এ বিষয়ে সৌরভের আইনজীবী আদালতে বলেন, “শো কজ় নোটিসে বলা হয়েছে যে সৌরভের জন্মস্থানের উল্লেখে ভুল রয়েছে এবং তিনি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পাসপোর্ট সংগ্রহ করেছেন। এ অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে বিষয়টি স্পষ্ট করা দরকার।” অন্যথায় সৌরভের পাসপোর্ট বাজেয়াপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন আইনজীবী।
অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, সৌরভ তাঁর বাবার নামের কলামটি ফাঁকা রেখে দিয়েছিলেন। ফলে তাঁর জন্মস্থান, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয়ের সত্যতা যাচাই করতে গত ২০ অগস্ট একটি অনুসন্ধান শুরু করেন পুদুচেরির এসএসপি। সে সময়েই কেন্দ্রের আইনজীবী বলেন, “পাসপোর্টে অসঙ্গতি সৌরভের নাগরিকত্বের উপরে প্রভাব ফেলতে পারে।” তবে অতিরিক্ত সলিসিটর জেনারেল এ-ও জানান, পাসপোর্ট অফিস থেকে সৌরভকে যে শো কজ় নোটিস পাঠানো হয়েছিল, তাতে কোথাও বলা নেই যে তাঁর পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত হয়ে যাবে। তাঁকে শুধু শো কজ় নোটিসের জবাব দিতে হবে বলে জানান কেন্দ্রের আইনজীবী। সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার।

