দেশ 

উমর খালিদ ও শারজিল ইমামের অন্তর্বর্তী জামিনের আবেদনে সাড়া দিল না আদালত, এখনই নয় বলল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তনী উমর খালিদ এবং শারজিল ইমামকে এখনই অন্তর্বর্তী জামিন দিল না সুপ্রিম কোর্ট। ছ’বছর ধরে জেলেই রয়েছেন দু’জনে। বুধবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে জামিনের জন্য আবেদন জানান তাঁরা। তবে আদালতের মন্তব্য, “আজ নয়।”

প্রধান বিচারপতি কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, অন্তর্বর্তী জামিনের আর্জিটি আদালত এখনই বিবেচনা করছে না। আপাতত আর্জির প্রেক্ষিতে পুলিশের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে পুলিশকে নোটিসও পাঠিয়েছে আদালত।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্তদের তালিকায় নাম ছিল উমর ও শারজিলের। তার পর থেকে জেল হেফাজতেই রয়েছেন দু’জন। তাঁদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) আওতায় মামলা রুজু হয়। ওই বছরের ২৫ অগস্ট শারজিলকে ও ১৩ সেপ্টেম্বর উমরকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

এ দিনের শুনানির সময়ে সুপ্রিম কোর্টের ২০২১ সালের ‘কেন্দ্র বনাম কেএ নাজিব’ মামলার কথাও উঠে আসে। ওই মামলায় আদালত জানিয়েছিল, দীর্ঘদিন জেলবন্দি থাকলে বা বিচারে দেরি হলে সে ক্ষেত্রে জামিন দেওয়া যেতে পারে। এমনকি ইউএপিএ মামলার ক্ষেত্রেও তা বাধা হয় না। উল্লেখ্য, সে সময়ে যে তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছিল, তাতে বর্তমান প্রধান বিচারপতি কান্তও ছিলেন। ওই রায় কী ভাবে প্রয়োগ হবে, তা নির্ধারণ করার জন্য পরবর্তী সময়ে বিষয়টি এখটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছিল।

উমরের হয়ে এ দিন আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। জেএনইউয়ের প্রাক্তনী যে বছরের পর বছর ধরে জেলে রয়েছেন, সে কথা উল্লেখ করে অন্তর্বর্তী জামিন চান তিনি। শারজিলের আইনজীবী সিদ্ধার্থ দাভেও একই আবেদন জানান। সে সময়েই নাজিব মামলার প্রসঙ্গে তুলে ধরেন সিব্বল। তখন প্রধান বিচারপতি বলেন, “আমারই দেওয়া রায় (নাজিব মামলা) নিয়ে আলোচনা হচ্ছে। তাই আমি কিছুটা বিব্রত বোধ করছি।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ