কলকাতা পুরভোটে স্থগিতাদেশ বহাল! সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলা আবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এ-ও প্রস্তাব দিয়েছে, ডিভিশন বেঞ্চে যত দিন পর্যন্ত না এই মামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে না, তত দিন পুরভোট স্থগিত থাকবে। বুধবার এই মামলায় অন্তবর্তিকালীন কোনও নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। ফলে পুরভোট ঘোষণার উপর হাই কোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, আপাতত সেটাই বহাল থাকল। আগামী সোমবার (৩০ নভেম্বর) এই মামলার পরবর্তী শুনানি।
বুধবার কলকাতা পুরসভার ভোট সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। শুনানিতে আদালত জানায়, তারা এই মামলা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর নির্দেশ দেবে। সেখানেই ঠিক হবে মামলা এবং পুরভোটের ভবিষ্যৎ। প্রধান বিচারপতি জানান, আপাতত হাই কোর্টের একক বেঞ্চের দেওয়া বিতর্কিত নির্দেশের উপর স্থগিতাদেশ থাকবে। এই মামলায় যে সব আইনি এবং তথ্যগত বিষয় তুলে ধরা হয়েছে, সেই সব বিবেচনা করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে উপযুক্ত নির্দেশ দিতে পারবে।
রাজ্যের হয়ে এই মামলার শুনানিতে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের প্রস্তাব শোনার পর মামলাটি আবার সোমবার শুনানির জন্য আবেদন করেন তিনি। সলিসিটর জেনারেল বলেন, ‘‘ওই দিন আদালতের প্রস্তাব নিয়ে রাজ্যের সিদ্ধান্ত জানানো হবে।’’ সেই আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার (৩০ নভেম্বর)।
সম্প্রতি কলকাতা এবং হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস করা হয়। কলকাতার ক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। আর হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাস হয় রাজ্য বিধানসভায়। এই দুই পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে আপত্তি ওঠে। কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস বেআইনি ভাবে হয়েছে, এই অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর হাই কোর্টে মামলা করেছিলেন সিপিএম নেত্রী দীপু দাস। হাওড়ার ক্ষেত্রেও একই অভিযোগে হাই কোর্টে মামলা করেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা ভোটে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। কলকাতা পুরসভার মামলা হাই কোর্ট ঘুরে এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস মামলা বিচারাধীন হাই কোর্টে।

