কোন পরিস্থিতিতে রতনকে এনকাউন্টার করেছে পুলিশ সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূমের এসপি
বীরভূমে দুষ্কৃতী রতন শেখকে কোন পরিস্থিতিতে‘এনকাউন্টার’-করা হয়েছিল, সাংবাদিক বৈঠক করে জানাল জেলার পুলিশ সুপার । সোমবার সকালে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ সাংবাদিক বৈঠক করেন। জানান, ‘এনকাউন্টার’ হয়েছে আইন মেনে, আত্মরক্ষার স্বার্থে। একাধিক মামলা ছিল রতনের বিরুদ্ধে। আগে অনেক বার তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। গত ১৩ নভেম্বর তিনি যখন কনস্টেবলকে গুলি করে পালিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে ছিলেন রমেশ লোহার। তাঁকেও গ্রেফতার করা হয়েছে। এসপি বলেন, ‘‘রতন শেখকে এর আগে অনেক বার গ্রেফতার করা হয়েছিল। বিভিন্ন জেলে ছিলেন। জেল থেকে ছাড়াও পেয়েছিলেন। রতনের বিরুদ্ধে ৩৬টি এবং তাঁর সঙ্গী রমেশ লোহারের বিরুদ্ধে ১৭-১৮টি মামলা রয়েছে। সব ডাকাতি, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলা। আমরা আমাদের সূত্র কাজে লাগিয়ে একাধিক দল গঠন করে ওঁকে ধরার জন্য অভিযান শুরু করেছিলাম।’’
গত শুক্রবার এক পুলিশ কনস্টেবলকে গুলি করে রতন পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। তার পর থেকেই পুলিশ তাঁর খোঁজে চিরুনিতল্লাশি শুরু করেছিল। এসপি জানান, বর্ধমানের কোনও এক জায়গায় রতন লুকিয়ে আছেন বলে তাঁরা খবর পেয়েছিলেন রবিবার। তাঁকে বর্ধমানে দেখা গিয়েছিল। সেখানে অভিযান চালিয়ে দুপুরে রতনকে গ্রেফতার করা হয়। এর পর পুলিশি জেরার মুখে তিনি জানিয়েছিলেন, ইটভাটায় অস্ত্র লুকিয়ে রেখেছেন। এসপি-র কথায়, ‘‘১৩ তারিখের পর উনি কোথায় কোথায় গিয়েছিলেন, কোথায় অস্ত্র লুকিয়ে রেখেছেন, সব আমাদের বলেছিলেন। সেই অস্ত্র উদ্ধার করার জন্য ওঁকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।’’
‘এনকাউন্টারের’ পরিস্থিতি তৈরি হল কেন? এই প্রশ্নের উত্তরে এসপি বলেন, ‘‘পুলিশের টিম রতনকে নিয়ে ইটভাটায় গিয়েছিল। অস্ত্র কোথায় আছে বোঝাতে গিয়ে উনি এদিক-ওদিক দেখাচ্ছিলেন। হঠাৎ করে নীচে বসে পড়েন। পুলিশকে লক্ষ্য করে সোজা গুলি চালান। সেই গুলি পুলিশের গাড়িতে গিয়ে লেগেছে। তখন আত্মরক্ষার্থে আমরা গুলি চালাই এবং উনি গুলিবিদ্ধ হন।’’
‘এনকাউন্টারের’ সময় ভিডিয়োগ্রাফি-সহ যাবতীয় আইনি প্রক্রিয়া মানা হয়েছিল কি না প্রশ্ন করা হলে এসপি জানান, সমস্ত নিয়ম মানা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য খবর দেওয়া হয়েছে ফরেনসিক দলকে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯, ১১৮, ১৩২, ২২১ ও ৩৫ নম্বর ধারা এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা শুরু হয়েছে।
নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতন। অস্ত্র খুঁজতে চারকোল গ্রামের কাছে উচকরণ এলাকার ইটভাটায় পুলিশ তাঁকে নিয়ে গিয়েছিল। সেখানেই পুলিশের পাল্টা গুলিতে তিনি জখম হন। নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বোলপুর হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হবে। তাঁর গুলিতে এর আগে যে কনস্টেবল জখম হয়েছিলেন, তিনি বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাঁ পায়ে অস্ত্রোপচার হতে পারে।
রতনের ‘এনকাউন্টারে’ দুঃখিত তাঁর দাদা-বৌদি। বাড়িতে তাঁর আর কোনও আপনজন নেই। দাদা সালাম শেখকে দেহ শনাক্ত করার জন্য ডেকেছে পুলিশ। এলাকায় দুষ্কৃতী হিসেবে রতনের কুখ্যাতি রয়েছে। তাঁর বৌদি চম্পা বিবি জানান, পুলিশ হাত-পা ভেঙে রতনকে জেলে রেখে দিতে পারত। কিন্তু এমন মৃত্যু কাম্য নয়।

