রাজ্যে আবার এনকাউন্টার! বীরভূমে কনস্টেবলকে গুলি করা রতনের মৃত্যু হল পুলিশের গুলিতে!
বাংলার জনরব ডেস্ক : আবার এনকাউন্টার। শান্তিনিকেতন থানার লাইকবাজারে পুলিশকে গুলি পরিচালনায় রতন শেখ পুলিশের পাল্টা গুলিতে হত।
পুলিশ সূত্রে খবর, কনস্টেবলকে গুলি করায় অভিযুক্ত রতনকে রবিবার পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। যদিও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানায়নি পুলিশ। ওই সূত্রের দাবি, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে রতন অপরাধ স্বীকার করে নেন। শুক্রবার পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কোথায় রয়েছে, জেরায় তা-ও জানিয়ে দেন রতন। সেইমতো রবিবার বিকেলে রতনকে নিয়ে নানুরের ওই ইটভাটায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। দাবি, হঠাৎই সেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি চালিয়ে দেন রতন। পুলিশের গাড়িতে গুলি লাগে। ‘আত্মরক্ষার্থে’ পাল্টা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই জখম হন রতন। তড়িঘড়ি নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় বোলপুর হাসপাতালে। সেখানেই রতনের দেহের ময়নাতদন্ত হবে।
প্রসঙ্গত, ছ’মাসের বিজেপি সরকারের আমলে এটি পঞ্চম ‘এনকাউন্টারের’ ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছিলেন অভিযুক্তেরা। রাজ্যে পঞ্চম ‘এনকাউন্টার’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জাগয়া নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? গুন্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।” উল্লেখ্য, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগেই শুভেন্দু বলেছিলেন, “অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে।”
শুক্রবার সন্ধ্যায় বীরভূমের শান্তিনিকেতন থানার লাইকবাজারে রতনকে ধরতে গিয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়, পুলিশকে লক্ষ্য করে গুলি চালান রতন। তাতে জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। একটি গুলি লাগে বিশ্বজিতের বাঁ পায়ে। প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। রবিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ওই কনস্টেবলকে।
শনিবার জখম কনস্টেবলকে দেখতে বর্ধমান মেডিক্যালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করে তিনি জানান, পুলিশের এই রক্ত বৃথা যাবে না। উপযুক্ত শাস্তি পাবে দোষী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যা করার আমরা তা করব। আমি আইনের কথা বলব।’’ সেই সঙ্গে পরিস্থিতি বুঝে পুলিশের পদক্ষেপ করার ‘স্বাধীনতা’ রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি এ-ও জানান, অন্যদের মতো পুলিশেরও বাঁচার অধিকার আছে। বন্দুক-গুলি পকেটে গুঁজে রাখার জন্য দেওয়া হয়নি পুলিশকে। সঠিক সময়ে সেগুলোর প্রয়োগ করতে হবে। শুভেন্দু বলেন, ‘‘এই ধরনের খুনি-গুন্ডা-ধর্ষকদের বিরুদ্ধে পুলিশকে ‘খোলাছুট’ দেওয়া আছে। আমি বলব, ভারতীয় ন্যায় সংহিতা বা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে।’’
বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতন। এলাকায় তাঁর কুখ্যাতি ছিলই। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা থেকে মাদক পাচার, এমন বেশ কয়েকটি মামলা ছিল ওই যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে একটি মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন। গত শুক্রবার জামিন পান। তার পর আর একটি মামলার সূত্রে তাঁকে পাকড়াও করতে গিয়েছিল পুলিশ। তখনই এই কাণ্ড ঘটান রতন।
অন্য দিকে, রতনের জামিন পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানান, আদালতে পুজোর ছুটির সময় কী ভাবে অভিযুক্ত জামিন পেয়ে গেলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মামলার সরকারি আইনজীবীর ভূমিকাও বিবেচ্য বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি এ-ও জানান, একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেয়েছিলেন রতন।

