দেশ 

আলোর উৎসবেই নিভে গেল ছোট্ট হর্ষের জীবনের আলো, বাজির শব্দে ভয় পেয়ে ছুটতে গিয়ে পড়ে মৃত্যু

শেয়ার করুন

এস রোজলিন : কলকাতা: * দীপাবলি রাতে চারপাশে আতশবাজির রোশনাই দেখতে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছিল ছয় বছরের হর্ষ। আলোর উৎসবের সেই আলোই তার জীবনে ডেকে আনল সারা জীবনের মতো আঁধার। আচমকাই কাছে বিকট শব্দ করে ফাটে একটি বাজি। ভয়ে সিঁটিয়ে যায় সে। আতঙ্কে বাড়ির ভিতরে ছুটে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই দৌড়ই হলো কাল। তড়িঘড়ি দৌড়তে গিয়ে মাটিতে পড়ে যায় একরত্তি। মাথায় গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

দীপাবলির পরদিন, অর্থাৎ সোমবার মৃত্যু হয় উত্তরপ্রদেশের মিরাটের ওই শিশুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার, ৮ নভেম্বর রাতে মিরাটের ব্রহ্মপুরী থানা এলাকার শিবশক্তি নগরে। মৃত শিশুর নাম হর্ষ। তার বাবা নীরজ একটি স্থানীয় প্রিন্টিং প্রেসে কাজ করেন। পরিবারের দাবি, সন্ধ্যাবেলা বাড়ির মূল দরজার কাছে দাঁড়িয়ে ছিল হর্ষ। সেই সময় প্রতিবেশী এক যুবক বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিলেন। আচমকাই একটি বাজির তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি। ভয়ে ঘরের ভিতরে ছুটতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যায় সে।

মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় ছেলেকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। দ্রুত তাকে স্থানীয় কেএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি বেসরকারি হাসপাতাল, আনন্দ হাসপাতালে স্থানান্তরিত করা হয় হর্ষকে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও সোমবার সকালে মৃত্যু হয় তার। শিশুটির বাবা নীরজের অভিযোগ, প্রতিবেশীর অসতর্কভাবে জোরে বাজি ফাটানোর কারণেই এই দুর্ঘটনা। সংবাদ সংস্থা সূত্রে খবর, পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তে মাথায় আঘাতের বিষয়টি উঠে এসেছে। পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ