হোয়াট্স্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য সাসপেন্ড পুলিশ আধিকারিক!
বাংলার জনরব ডেস্ক : বাজি পোড়ানো নিয়ে আলোচনা চলছিল পুলিশকর্মীদের হোয়াট্স্যাপ গ্রুপে। অভিযোগ, হঠাৎ এক কর্মী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। ওই মন্তব্যের পরেই সেই গ্রুপে তীব্র বিতর্কের ঝড় ওঠে। খানিক বাদে পোস্টটি মুছে দিয়ে ক্ষমাও চেয়ে নেন সংশ্লিষ্ট পুলিশকর্মী। কিন্তু তত ক্ষণে তাঁর পোস্টের স্ক্রিনশট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে একটি নির্দেশিকা জারি করে তাঁকে নিলম্বিত (সাসপেন্ড) করা হয়।
পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা ৬৭৮ নম্বর নির্দেশিকায় জানানো হয়, একজন সরকারি কর্মী হয়ে সমাজমাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত করবে রাজ্য। পাশাপাশি নিলম্বিত থাকার সময় কাটা যাবে অর্ধেক বেতনও। সরকার বদলের পর থেকেই সরকারি কর্মচারীদের জনসমক্ষে মতপ্রকাশের ব্যাপারে কঠোর রাজ্য। চলতি বছরের ২০ মে অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস-সহ রাজ্যের অধীনস্থ সব স্তরের কর্মচারীদের সংবাদমাধ্যমে তথ্য আদানপ্রদান, লেখালিখি বা যে কোনও মিডিয়া কার্যকলাপে অংশগ্রহণ নিয়ে কড়া নির্দেশিকা জারি করে নবান্ন। ২১ মে সেই নির্দেশিকা পরিমার্জন করে জানানো হয়, শুধুমাত্র রাজ্য সরকারের নিয়মিত (রেগুলার) দফতরগুলির আধিকারিক ও কর্মচারীদের ক্ষেত্রেই ওই নির্দেশিকা প্রযোজ্য হবে। পুলিশকর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের নিয়মিত দফতরের কর্মচারী হওয়ায় তাঁদের ক্ষেত্রে সমাজমাধ্যমে মুখ খোলা নিয়ে কড়াকড়ি রয়েছেই।
উল্লেখ্য, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করেছিলেন ডিএসপি পদমর্যাদার দুই পুলিশ আধিকারিক। ঘটনার সূত্রপাত ২০২৫ সালে। সে সময় ক্ষমতায় তৃণমূল। বিরোধী দল বিজেপির একটি মিছিল এবং শুভেন্দুকে নিয়ে পুলিশের হোয়াট্সঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করেছিলেন এক পুলিশকর্তা। তাঁর সেই মন্তব্যকে সমর্থন করেছিলেন অন্য জন। রাজ্যে পালাবদলের পর গত জুলাই মাসে আলোচনায় উঠে আসে ওই দুই পুলিশ আধিকারিকের মন্তব্য। তাঁদের কথোপকথনের স্ক্রিনশট পৌঁছে যায় লালবাজারে। তার পরেই নিলম্বিত করা হয় সেই দুই আধিকারিককে।

