একের পর এক এনকাউন্টার, আইনের শাসনকে পদদলিত করে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি : হাকিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি : বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে চারটি পুলিশ এনকাউন্টারে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাগুলি অত্যন্ত উদ্বেগজনক এবং রাজ্যের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
৮ জুলাই, বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যার মামলায় অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হয়। ২৭ অক্টোবর, গাইঘাটাতে নাবালিকা ধর্ষণ ও হত্যার মামলায় অভিযুক্ত প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হয়। ২৭ অক্টোবর, সামসেরগঞ্জ, বিজেপি কর্মী সুজিত মণ্ডল হত্যার মামলায় অভিযুক্ত সামিউল শেখ পুলিশের গুলিতে নিহত হন। ৯ নভেম্বর, রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও হত্যার মামলায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হন।
প্রতিটি ক্ষেত্রেই পুলিশের বক্তব্য, অভিযুক্তরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া অথবা গুলি চালানোর চেষ্টা করেছিল এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। কিন্তু পুলিশের এই বক্তব্যই কি চূড়ান্ত সত্য? যে পুলিশ, প্রশাসন নিজের পিস্তল রক্ষা করতে পারে না তার হাতে রাজ্য কিভাবে নিরাপদ থাকতে পারে? প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছতা এবং বিচারবিভাগীয় নজরদারি নিশ্চিত করা কি সরকার ও হাই কোর্টের দায়িত্ব নয়?
বিজেপি সরকার স্পষ্টভাবেই পুলিশ প্রশাসনকে রাজনৈতিক কর্মীর মতো ব্যবহার করছে। আইনের শাসনকে ধ্বংস করে গায়ের জোরে ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাজ্য পরিচালনার প্রবণতা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। অপরাধ যত গুরুতরই হোক না কেন, কাউকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অধিকার রাষ্ট্র বা পুলিশের নেই। অপরাধীর শাস্তি দেওয়ার দায়িত্ব আদালতের, পুলিশের নয়।
সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া সব ধরনের বিচারবহির্ভূত হত্যা ও এনকাউন্টারের বিরুদ্ধে। আমরা দাবি জানাচ্ছি, প্রতিটি এনকাউন্টারের নিরপেক্ষ ও বিচারবিভাগীয় তদন্ত করতে হবে, দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং এই ধরনের বেআইনি ও অগণতান্ত্রিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

