জেলা 

উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে আগুনে পুড়ে ছাই কালীপুজোর সুবিশাল মণ্ডপ, তবুও পুজো হবে বললেন উদ্যোক্তারা

শেয়ার করুন

এস রোজলিন:কলকাতা: উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে আগুনে পুড়ে ছাই সুবিশাল কালীপুজোর মণ্ডপ। শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারের ঘটনা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোটা প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে গড়ে উঠেছিল এই মণ্ডপ। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই মণ্ডপে আগুন লেগে থাকতে পারে। তবে বাকি দিকও খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, চলতি বছর ৫৯তম বর্ষে পা রেখেছে যশোড়াকালি বাজারের এই পুজো। মণ্ডপ সাজানো হয়েছিল তালপাতা, পুরুলের জালি, নিম কাঠ এবং কাঠের গুঁড়ো দিয়ে। মণ্ডপ সজ্জায় দাহ্য পদার্থ থাকায় আগুনের শিখা কয়েক সেকেন্ডের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় মণ্ডপটিকে।

আগুন লাগার সময় মণ্ডপের ভিতরে পুজো কমিটির বেশ কয়েকজন কর্মী ও সদস্য উপস্থিত ছিলেন। তবে ধোঁয়া ও আগুন দেখতে পেয়েই তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। যার জেরেই কোনও প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পাঁশকুড়া থানার আইসি, ট্র্যাফিক ওসি, কোলাঘাটের ট্র্যাফিক ইন্সপেক্টর এবং দমকলের পদস্থ আধিকারিকেরা।তবে মণ্ডপ পুড়ে ছাই হয়ে গেলেও ভেঙে পড়েননি উদ্যোক্তারা। পুজো কমিটির এক সদস্য জানিয়েছেন, এত বড় বিপর্যয়ের পরেও পুজো বন্ধ হবে না।

ছোট আকারে হলেও নিয়ম মেনে মায়ের পুজো করার পরিকল্পনা রয়েছে। কী ভাবে নতুন করে পুজোর আয়োজন সম্পন্ন করা হবে, তা নিয়ে কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।পুজো কমিটির এক সদস্য গোপাল মাইতি বলেন, ‘মাত্র ১০ মিনিটের মধ্যে চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে পুজো হবে।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ