কলকাতা 

মায়ের কোলই হোক শিশুর প্রথম পাঠশালা: বেড়াচাঁপায় বর্ণাঢ্য ‘মা সমাবেশ’ ও পুরস্কার বিতরণী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : “মায়ের কোল-ই হোক শিশুর প্রথম ও শ্রেষ্ঠ পাঠশালা”— সম্পূর্ণ নতুন এই ভাবনার ওপর ভিত্তি করে শনিবার উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি মনোজ্ঞ ‘মা সমাবেশ’ ও আলোচনা সভা। অনুসন্ধান সোসাইটির বিশেষ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. দীপক রঞ্জন মন্ডল। এ ছাড়াও আলোচনায় অংশ নেন অনুসন্ধান সোসাইটির সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সারকেল, গণিত শিক্ষক নায়ীমুল হক, সমাজকর্মী মোক্তার হোসেন, শিক্ষক রাজু বৈদ্য প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত মায়েরা তাঁদের সন্তানদের নীতি-নৈতিকতা শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশ এবং সোহাগের মাধ্যমে সঠিক শাসনের নানাদিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন। বর্তমান প্রজন্মের অন্যতম বড় সমস্যা ‘মোবাইল আসক্তি’ মায়েরা কীভাবে নিয়ন্ত্রণ করছেন এবং সন্তানের লেখাপড়ায় বেঙ্গল মডেল স্কুল কীভাবে সহযোগিতা করছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা গর্ভাবস্থায় একজন হবু মায়ের করণীয় ও গর্ভস্থ সন্তানের যথাযথ লালন-পালনের বিষয়ে মূল্যবান পরামর্শ দেন।

এ দিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গত ৯ আগস্ট বারাসাত জেলা পরিষদ হলে অনুষ্ঠিত ‘মডেল বানাও’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। মানবদেহের ‘সেন্স অর্গান’ বা জ্ঞানেন্দ্রিয়ের চমৎকার মডেল তৈরি করে প্রতিযোগিতায় প্রথম স্থান ছিনিয়ে নেয় আয়োজক স্কুল বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট। ‘জলচক্র’-এর মডেল বানিয়ে দ্বিতীয় স্থান লাভ করে অগ্নিবিনা কিন্ডারগার্টেন অ্যাকাডেমির শিক্ষিকারা। অন্যদিকে উদ্ভিদের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে মডেল তৈরি করে তৃতীয় স্থান অধিকার করে ভাসলিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠ (যদিও তাদের কোনো প্রতিনিধি আজ উপস্থিত ছিলেন না)।

এই সুন্দর উদ্যোগে সন্তুষ্ট হয়ে বিশিষ্ট বিজ্ঞানী ড. দিলীপ কুমার সোম বিজয়ী তিনটি প্রতিষ্ঠানের জন্যই ‘হাতে-কলমে গণিত’ শেখার আকর্ষণীয় কিটস উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন। সমগ্র অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য অভিভাবক, শিক্ষক ও শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের সম্পাদক শেখ আহসান আলী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ