কলকাতা 

মহালয়ায় ইডেনের অনুষ্ঠানে আসছেন না মোদী-শাহ ! নেপথ্যে রহস্য?

শেয়ার করুন

মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজো সংক্রান্ত অনুষ্ঠানে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই ভাবে নিজের ব্যস্ত কর্মসূচির কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে এই বার্তা সম্প্রতি নবান্নে পৌঁছেছে বলে প্রশাসন সূত্রের খবর।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলেও ইডেনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যেরা। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে রাজ্যের সব মন্ত্রীকে ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

চলতি বছরের মে মাসে তৃণমূলকে পরাজিত করে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। তার পরেই এ বারের দুর্গাপুজোয় কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখে বড় আকারের সরকারি অনুষ্ঠানের পরিকল্পনা করে রাজ্য। প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দু’জনেই কলকাতার ওই অনুষ্ঠানে আসার বিষয়ে সম্মতি দিয়েছিলেন বলে নবান্ন সূত্রের দাবি। কিন্তু পরবর্তী সময়ে তাঁদের ব্যস্ত কর্মসূচির কারণে ইডেনের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না বলে রাজ্যকে জানানো হয়েছে।

অন্য দিকে, ইডেনের অনুষ্ঠানে যোগ না দিলেও দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় আসতে পারেন শাহ। রাজ্যের একাধিক পুজোর উদ্বোধনে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রের খবর। কেন্দ্রের আরও কয়েক জন মন্ত্রীও কলকাতায় এসে পুজো পরিক্রমায় যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ছবি গত কয়েক বছরের কলকাতার দুর্গাপুজোর রাজনৈতিক ছবির তুলনায় যথেষ্ট আলাদা। তৃণমূল সরকারের সময়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতি মূলত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকেন্দ্রিক ছিল। বিজেপি নেতা সজল ঘোষের পুজোয় দলের নেতা-মন্ত্রীরা কখনও উদ্বোধন করতে, কখনও পুজো দেখতে হাজির হতেন। অভিযোগ ছিল, অন্য পুজোগুলিতে তৃণমূলের স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে বিজেপি নেতৃত্বের উপস্থিতির ক্ষেত্রে নানা বাধা তৈরি করা হত।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ