দেশ 

‘’একজন ম্যাজিস্ট্রেট কী ভাবে এ ধরনের নোটিস জারি করার সাহস পান?’’দিল্লিতে বিক্ষোভকারী পড়ুয়াকে নোটিস পাঠিয়ে সুপ্রিম কোর্টের নিশানায় পুলিশ কর্তা

শেয়ার করুন

‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। শুধু একা নন, সহপাঠীদেরও ওই কর্মসূচিতে যাওয়ার কথা বলেছিলেন। সেই ‘অপরাধে’ এক আইনের ছাত্রকে নোটিস ধরিয়েছিলেন গ্রেটার নয়ডার এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট বা পুলিশকর্তা। সেই পদক্ষেপের সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রশ্ন তোলেন, ‘‘একজন ম্যাজিস্ট্রেট কী ভাবে এ ধরনের নোটিস জারি করার সাহস পান?’’ উল্লেখ্য, গ্রেটার নয়ডা জ়োনে পুলিশ কমিশনারেটের অধীনেই রয়েছেন এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট।

বুধবার প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি আদালতে জানান, ‘সরকারবিরোধী প্রচার’ এবং যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে সহপাঠীদের ‘উস্কানি’ দেওয়ার অভিযোগে গৌতমবুদ্ধ বিশ্ববিদ্যালয়ের ২০ বছর বয়সি অক্ষত ত্রিপাঠীকে নোটিস দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর নোটিসটি জারি করা হয়। সেই কথা শোনার পরই ওই ম্যাজিস্ট্রেটের উপর অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এই নোটিস জারির করার ব্যাপারে ওই ম্যাজিস্ট্রেটের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানান, এটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। তাঁর কথায়, ‘‘আমরা স্পষ্ট করে দিয়েছিলাম যে, কোনও পড়ুয়ার বিরুদ্ধে জবরদস্তি কোনও পদক্ষেপ করা যাবে না। কোনও ম্যাজিস্ট্রেটই সেই নির্দেশ লঙ্ঘন করতে পারেন না। আমাদের নির্দেশ অমান্য করার সাহস কারও নেই।’’ যদিও ওই নোটিস জারির পরের দিনই তা প্রত্যাহার করা হয়। তবে এই কাজের জন্য ওই ম্যাজিস্ট্রেট এবং জেলাশাসকের কাছে ব্যাখ্যা তলব করেছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বলেছিল, ‘‘২০ থেকে ২৫ জুলাইয়ের (প্রতিবাদের) ঘটনায় অন্য কোনও রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও মামলা হলে তা বাতিল বলে ধরে নেওয়া হবে।’’ সেই নির্দেশের কথাও বুধবার উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি জানান, গত শুনানিতেই বলা হয়েছিল, ওই ঘটনাগুলির (প্রতিবাদ) প্রেক্ষিতে যেন নতুন করে কোনও এফআইআর করা না-হয়। বিক্ষোভে যোগ দেওয়াকে আইনের কোনও ধারায় অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। প্রধান বিচারপতি বলেন, ‘‘আমরা বিস্মিত যে কী ভাবে আমাদের ১ সেপ্টেম্বরের নির্দেশের পর একজন এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জেলাশাসক এ ধরনের নোটিস জারি করতে পারেন?’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ