দিল্লিতে এবার ভেঙে পড়ল পাঁচতলা বাড়ির একাংশ!
দিল্লিতে আবার বাড়ি ভেঙে পড়েছে। একটি পাঁচতলা ভবনের সামনের অংশ বুধবার বিকেলে আচমকা হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্বংসাবশেষের নীচে অনেকে আটকে আছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজ চলছে।
উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় বুধবার বিকেল সাড়ে ৩টে নাগাদ বাড়ি ভেঙে পড়ে। দমকল বিভাগ খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশও। এলাকার যান চলাচলে রাশ টানা হয়েছে। ঠিক কত জন ধ্বংসস্তূপে আটকে রয়েছেন, এখনও স্পষ্ট নয়। কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা-ও জানা যায়নি। প্রাথমিক ভাবে উদ্ধারকাজেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে, ধ্বংস্তূপের সামনে লোকজন জড়ো হয়েছেন। স্থানীয়েরা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। খালি হাতেই অনেকে কংক্রিটের চাঁই সরানোর চেষ্টা করছেন। দিল্লি ট্রাফিক পুলিশ সমাজমাধ্যমে পোস্ট করে সীমাপুরী এলাকা আপাতত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী যানবাহন চলাচলে যাতে অসুবিধা না হয়, তাই রাস্তা ফাঁকা করা হচ্ছে।
উত্তর-পূর্ব দিল্লির ডিসিপি আরপি মীনা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু আরও কত জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভিতরে কারা আটকে আছেন, এখনও স্পষ্ট নয়।

