জেলা 

কালিয়াচকে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা শিক্ষারত্ন শিক্ষিকা তানিয়া রহমতকে

শেয়ার করুন

এস মন্ডল: কলকাতা: সুদীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণ করলেন কালিয়াচকের বিশিষ্ট শিক্ষিকা তানিয়া রহমত। বুধবার, ৩০ সেপ্টেম্বর ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন।

কালিয়াচক-৩ ব্লকের এনটিপিসি হাই স্কুলে ৯ বছর শিক্ষকতার পর ২০০৩ সালের ২৯ অক্টোবর তিনি কালিয়াচক দক্ষিণ চক্রের অন্তর্গত বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। সেখানে একটানা ২৩ বছর নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আজ অবসর নিলেন তিনি।

এই উপলক্ষে বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত, মানপত্র পাঠ, স্মৃতিচারণ, ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক-১ ব্লকের বিডিও শিবব্রত ব্যানার্জি, জয়েন্ট বিডিও ফয়জাল শেখ, মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দোয়েল সাহা, কালিয়াচক কলেজের অধ্যাপক পুলক সাহা, চিকিৎসক হাজিরুল ইবকার, গাজোল হাতিমারি হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার ঘোষ সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম কুমার গুপ্ত। বিদায়ী শিক্ষিকাকে নিয়ে স্মৃতিচারণা করেন প্রধান শিক্ষক সুব্রত কর্মকার।

স্কুল সূত্রে জানা গিয়েছে, তানিয়া রহমত শুধু একজন শিক্ষিকাই নন, তিনি শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত, ‘শিশু মিত্র’ এবং জেলা সেরা বিদ্যালয়-সহ একাধিক পুরস্কারে ভূষিত বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ের পঠন-পাঠন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সার্বিক উন্নয়নে এক নিবেদিত প্রাণ। কালিয়াচক-সহ গোটা জেলায় শিক্ষাক্ষেত্রে তিনি এক সুপরিচিত নাম। এদিন জেলা শিক্ষা দফতরের আধিকারিক, বিডিও দফতরের প্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, লেখক, শিল্পী, শিক্ষানুরাগী ও এলাকার অভিভাবকদের উপস্থিতিতে মানপত্র, উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ