এনআরএসের এক্স-রে রুমে ছাদ থেকে খসে পড়ল চাঙড়! চাঞ্চল্য?
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে খসে পড়ল রেডিয়োলজি রুমের ছাদের চাঙড়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হাসপাতালের ইউএনবি বিল্ডিংয়ে। তবে ওই বিল্ডিংটি ভেঙে ফেলার তোড়জোড় আগেই শুরু করেছিলেন কর্তৃপক্ষ। তাই ওই রেডিয়োলজি রুমটিও পরিত্যক্ত অবস্থাতেই পড়ে ছিল। ফলে কেউ আহত হননি বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
হাসপাতালের ইউএনবি বিল্ডিংয়ের রেডিয়োলজি বিভাগের ১০০ নম্বর ঘরে এই দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালের নিজস্ব যে এক্স-রে ব্যবস্থা রয়েছে, তা এই ঘরেই হত। ফলে দুর্ঘটনার সময়ে ঘরে কোনও টেকনিশয়ান বা রোগী থাকলে বিপদের আশঙ্কা ছিল।
ওই এক্স-রে রুমের একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ছাদের বেশির ভাগ অংশ থেকেই চাঙড় খসে পড়েছে নীচে। গোটা মেঝেতে ছড়িয়ে রয়েছে চাঙড়ের টুকরো। ফলে ঘরের যে কোনও প্রান্তেই কেউ থাকলে, তাঁরই চোট লাগার সম্ভাবনা ছিল।
নীলরতন সরকার হাসপাতালের ইউএনবি ভবনের নির্মাণগত বেশ কিছু ত্রুটি আগেই ধরা পড়েছিল। পূর্ত দফতরও এ বিষয়ে সতর্ক করেছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। সেই পরামর্শমতো ইউএনবি বিল্ডিংটি ভেঙে ফেলার তোড়জোড়ও শুরু করেছেন কর্তৃপক্ষ।
ওই বিল্ডিংয়ে যে সব বিভাগ ছিল, সেগুলি আগেই হাসপাতালের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ইউএনবি বিল্ডিংয়ের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত যে সকল বিভাগ ছিল, প্রতিটি বিভাগকে প্রশাসনিক কার্যালয়ের উল্টোদিকে যে ঘর রয়েছে, সেখানে স্থানান্তর করা হয়েছে।

