সোমবার থেকে তিন দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা!
উৎসবের মরসুমেও যেন পিছু ছাড়তে চাইছে না বৃষ্টি। ভরা হেমন্তে কলকাতা ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার, কালীপুজোয় বৃষ্টি না হলেও সোমবার থেকে পর পর তিন দিন সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ভাইফোঁটাতেও।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে তিন দিন কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হতে পারে।
তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই কোথাও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বুধবার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাত। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে সোমবার থেকে এবং উত্তরের বাকি জেলায় মঙ্গলবার ও বুধবার ঝড়বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হবে সামান্যই। বড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে মঙ্গলবার বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।

