তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া কোয়েল মল্লিককে রাজ্যসভায় প্রার্থী করল বিজেপি! প্রমাণ হল যাহা তৃণমূল তাহাই বিজেপি!
তৃণমূলের সাংসদ পদ ছেড়ে দেওয়া কোয়েল মল্লিককে এ বার রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। তৃণমূলত্যাগী অপর তিন জনকে আগেই রাজ্যসভায় পাঠিয়েছে পদ্মশিবির।কোয়েলের ক্ষেত্রেও যে তেমনটা হতে পারে, তা নিয়ে জল্পনা চলছিল। রবিবার সেই গুঞ্জনেই সিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কোয়েলের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে এ বার তাঁকেই প্রার্থী করল পদ্মশিবির।
রাজ্যের বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়ার পর পর ভাঙনপর্ব শুরু হয় তৃণমূলে। সেই ভাঙন পর্বের মাঝেই গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল। তাঁর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। আগামী ১৬ অক্টোবর, দুর্গাষষ্ঠীর দিন তাঁর ছেড়ে দেওয়া ওই আসনে উপনির্বাচন রয়েছে।
কোয়েলের আগে আরও তিন জন— সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইক রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দেন। পরে তিন জনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। তৃণমূলের সাংসদ পদ ছাড়ার পর গত ৯ জুলাই বিজেপি-তে যোগ দিয়েছিলেন সুখেন্দু, সুস্মিতা এবং প্রকাশ। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই তিন জনকে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী করে বিজেপি।
এ বার রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ ছেড়ে দেওয়া চতুর্থ জনকেও নিজেদের টিকিটে ফের রাজ্যসভায় পাঠাতে চলেছে পদ্মশিবির। এ দিন দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণা করা হয়েছে।

