বাজেট অধিবেশনের প্রথম দিনেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বিধানসভা চত্বর
বাংলার জনরব ডেস্ক : সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণ ছাড়াই নজিরবিহীন ভাবে এই বাজেট অধিবেশন শুরু হয় আজ সোমবার সকালে। এরপর এই দেখা যায় বেনজীর বিক্ষোভ। বঞ্চিত চাকরি প্রার্থীদের বিক্ষোভের ফলে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর।
বিধানসভার ঠিক বাইরে বিক্ষোভে শামিল হয় SLST চাকরিপ্রার্থীরা। নিরাপত্তার স্বার্থে বিক্ষোভ দমনে কড়া পুলিশ (Police)। টেনেহিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, চাকরির দাবিতে তাঁদের এই অভিযান। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু তার আগে বিধানসভার বাইরেই পুলিশ যেভাবে তাঁদের প্রতিবাদ দমনে নেমেছে, তা অত্যন্ত নিন্দনীয়।

সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session)। আগমী ৮ তারিখ বাজেট পেশ। গতবারের অধিবেশনে নজিরবিহীন অশান্তির কথা মাথায় রেখে এবার বিধানসভা চত্বরের নিরাপত্তা (Security) আরও বাড়ানো হয়েছে। বসানো হয়েছে ব্যারিকেড। নিরাপত্তারক্ষীর সংখ্য়াও বেড়েছে। মন্ত্রী, বিধায়কদের নিজেদের পরিচয়পত্র দেখিয়ে বিধানসভায় প্রবেশ করতে হবে। এই মর্মে ১৬ দফা নির্দেশিকা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, বিধায়ক, শাসকদলের মুখ্য সচেতক, উপমুখ্য সচেতক এবং রাজ্য সরকারের সচিবরা প্রবেশ করবেন ৬ নম্বর গেট দিয়ে।
কিন্তু এত নিরাপত্তা বেষ্টনীর মাঝেও প্রথম দিনই SLST চাকরিপ্রার্থীদের প্রতিবাদে অশান্তির পরিবেশ বিধানসভার বাইরে। নিয়োগের দাবিতে তাঁরা পোস্টার, ব্যানার হাতে বিধানসভার সামনে এগিয়ে আসেন। চাকরি প্রার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের আক্রমণাত্মক ভূমিকার নিন্দা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। একইসঙ্গে রাজ্যের সচেতন নাগরিকদের ও দাবি অবিলম্বে যেসব চাকরি প্রার্থী এখনো ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছেন তাদের বিষয়ে রাজ্য সরকারের উচিত দ্রুত পদক্ষেপ করা।

