বর্ধমানের সিলুটে পুনঃনির্মিত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এসে গ্রামবাসীর উৎসাহ দেখে অভিভূত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী
সামসুল আলম: গত ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের অধীন সিলুট গ্রামে পুনঃনির্মিত জামে মসজিদের উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় গ্রন্থাগার ও কারিগরি মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্টজন, পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে কুড়ি জন পেশ ইমাম এবং প্রায় শ’পাঁচেক গ্রামবাসী। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় সিলুট জামে মসজিদ কমিটিকে ধন্যবাদ জানায় এইরকম একটি ভাল কাজ করার জন্য।

তিনি ইসলামিক শিক্ষা ও পাশাপাশি প্রথাগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। সিলুট গ্রামের পুরাতন জামে মসজিদটি জীর্ণ হওয়ায় ও নামাজীদের জায়গা সংকুলান না হওয়ার জন্য ওই স্থলে মসজিদ কমিটির শেখ রেজাউল হক, নিসারুল হক মল্লিক, জয়নাল আবেদিন মন্ডল, সোনারুল শেখ, ইসমাইল মন্ডল, হাজী আব্দুল রশিদ মন্ডল প্রমুখ গ্রামবাসীদের নিয়ে নতুন মসজিদ পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। আরো সিদ্ধান্ত নেয় যে এই মসজিদ নির্মাণে কোনোরূপ চাঁদা রশিদ দিয়ে গ্রামের বাইরে নেওয়া হবে না। সমস্ত অর্থ সিলুট গ্রামবাসী পাঁচ বছর ধরে বাৎসরিকভাবে সামর্থ্য অনুযায়ী দিয়ে যাবেন। গ্রামবাসীরা এই আবেদনে সারা দেয়। সেই মতো ১৪২৮ সালে (ইং ২০২১) বাইশে কার্তিক মসজিদটি শহীদ করা হয়। সেই দিন থেকে আজ পর্যন্ত প্রায় দু বছর তিন মাস পর প্রায় এক কোটি টাকা খরচ করে মসজিদ পুনঃনির্মাণ সম্পন্ন হলো এবং আজ তার মহতী উদ্বোধন।

সিলুট গ্রামে এদিন এক আনন্দের পরিবেশ। গ্রামের ছোট বড় সকলেই খুব খুশি।গতকাল অর্থাৎ পরের দিন ওই নবনির্মিত জামে মসজিদে প্রায় ৮০০ লোক জুম্মার নামাজ আদায় করেন। তারপরেই শুরু হয় কোরান পাঠ, গজল, পুঁথিগত শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষার উপর আলোচনা ইত্যাদি নিয়ে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামের প্রায় ৫০ জন ছেলে-মেয়ে এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে অধিকাংশ ই মেয়ে। কমিটি তরফ থেকে এই সকল ছেলে-মেয়েদেরকে পুরস্কৃত করা হয়। তারপরই শুরু হয় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ধর্মীয় জলসা। এতে মুর্শিদাবাদের ভগবানগোলা হতে অংশগ্রহণ করেন মাওলানা কারী মেহবুব আলম মোজাদ্দীদী, বর্ধমানের মেমারি থেকে মাওলানা সবুর মল্লিক, বর্ধমান থেকে মসজিদ নির্মাতা হাজী সোলেমান সাহেব, সিলুট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী গোলাম নবী রেজভি, অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার শেখ নজরুল সাহেব এছাড়া বহু ইসলাম দরদী ব্যক্তিবর্গ ও গ্রামবাসী।

প্রায় ১৫০০ মানুষ এই সম্প্রীতির মাহফিলে অংশগ্রহণ করেন। সবশেষে সমগ্র মানবজাতির কল্যাণের জন্য এবং দ্বীন ও দুনিয়ায় সঠিকভাবে করার তৌফিক দানের জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে অত্যন্ত আন্তরিকতপূর্ণ পরিবেশে রাত্রের খাবার পরিবেশন করা হয়।

